• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ডিসি সারোয়াকে নিয়ে আইন উপদেষ্টার পোস্ট

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলমকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে সারোয়ার আলমের কর্মনিষ্ঠা ও সততার প্রশংসা করেন তিনি। 

আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে বলেন, চলে যাওয়ার দিন ঘটনাটা বলল সারোয়ার। র‌্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান করে দেশজুড়ে প্রশংসা পেয়েছিল সে একসময়।

কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছিল শক্তিশালী দুর্নীতিবাজ চক্র। তার প্রমোশন আটকে দেওয়া হয়, গুরুত্বহীন পদে বদলি করা হয় প্রবাসী মন্ত্রণালয়ে। মনমরা হয়ে সারোয়ার বসে থাকত তার কক্ষে। 
তিনি বলেন, কভিডের শেষদিক তখন।

মধ্যপ্রাচ্যে যাওয়া আটকে আছে কর্মীদের। ভ্যাকসিনের জন্য মরিয়া হয়ে তারা ঘেরাও করে মন্ত্রণালয়। তাদের বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়। একপর্যায়ে সচিবও বোঝানোর চেষ্টা করেন।
কিন্তু তারা নাছোড়বান্দা, কারো কথা বিশ্বাস করেন না তারা। শোরগোল ছাপিয়ে একটা কথা শোনা গেল অবশ্য। একজন বললে তার কথা বিশ্বাস করবেন প্রবাসগামী কর্মীরা। তিনি সারোয়ার! 
তিনি আরো বলেন, অবশেষে সারোয়ারকে নিচে আসতে বলা হলো। তাকে দেখে কর্মীরা শান্ত হলো।

সারোয়ার জানালো কবে তাদের ভ্যাকসিন দেওয়া হবে। তার আশ্বাসে ম্যাজিকের মতো কাজ হলো। কর্মীরা অবরোধ প্রত্যাহার করে চলে গেল। মন্ত্রী-সচিব হাঁফ ছেড়ে বাঁচল। সারোয়ার নিজ রুমে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। এই ঘটনা বলার সময় চোখ মুছল সে। আমরাও তাই করলাম। 

আসিফ নজরুল বলেন, সারোয়ারকে আমি প্রথম দেখি আলোচনার টেবিলে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব মাত্র নিয়েছি তখন। কন্সফারেন্স রুমে বিশাল লম্বা টেবিলে বসে আমি উত্তেজিতভাবে কি কি করতে হবে বলি। কারো মধ্যে তেমন আগ্রহ দেখা যায় না। শুধু মাঝারি আকৃতির, আমারই মতো সাদামাটা একজন সারাক্ষণ উৎসাহ নিয়ে মতামত জানাতে থাকে। সিদ্ধান্ত নিলাম, সে-ই হবে আমার পিএস। অল্পদিনের মধ্যে বুঝতে পারি, এটাই হচ্ছে একসময়ের বিখ্যাত সারোয়ার। 

তিনি বলেন, তাকে তবু আমি বেশি স্নেহ করতে পারিনি, বকাবকিই বেশি করেছি। কাজ আগায় না এই হতাশা থাকে সারাক্ষণ। তার ওপর যাকেই কিছু জিজ্ঞেস করি, দেখি সারোয়ারই আগ বাড়িয়ে বলে দেয় সব। আর ছিল আমার জন্য তার বাড়াবাড়ি রকমের যত্ন। এয়ারপোর্ট যাব, ফিরে আসব, কতবার তাকে বলি আপনাকে যেতে হবে না, যাবেই সে। বকাবকি বেশি করা হলে নিজেই মন খারাপ করতাম, দু-একবার বোধহয় সরি-ও বলেছিলাম তাকে। 

আইন উপদেষ্টা বলেন, সরকারি অফিসাররা সাধারণত কাজ করেন যান্ত্রিকভাবে। বাড়তি কাজ বা সংস্কার নিয়ে খুব একটা আগ্রহ নেই তাদের। তবু প্রধানত সারোয়ারের (এবং আরো দু-একজনের) সার্বক্ষণিক সহায়তা আর সমর্থন নিয়েই কয়েকটা বড় কাজ আমরা করতে পেরেছি। যেমন—প্রবাসী কর্মীদের ছাড়পত্র দেওয়ার বিষয়টা সম্পূর্ণ ডিজিটালাইজ করেছি, মালয়েশিয়ায় শ্রমিক ভাইদের জন্য মাল্টিপল ভিসা করা গেছে, জাপান আর কোরিয়ার বাজার আরেকটু উন্মুক্ত হয়েছে, প্রবাসী লাউঞ্জ স্থাপনসহ প্রবাসী কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

নিজের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, লক্ষ্য যা ছিল তার অর্ধেকের মতো মাত্র করেছি। এরমধ্যে একদিন এলো সারোয়ারের বদলির খবর। সিলেটে সাদাপাথর বিতর্কের পর তড়িঘড়ি করে তাকে সেখানে ডিসি নিয়োগ করা হয়েছে। অবাক হয়ে দেখলাম, আমার সিলেটি বন্ধু আর পরিচিত মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমি তাকে আটকাই আর কোন বিবেচনায়! 

সারোয়ার আলম সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, তাকে নিয়ে একটা দুঃখ থাকল অবশ্য। আমার সম্পর্কে নানা আজগুবি খবর আসে ফেসবুক আর ইউটিউবে। এগুলো অবশ্য অস্বাভাবিক না। আমার বিরুদ্ধে ফ্যাসিস্টরা আছে, উগ্রবাদীরা আছে, আছে ভিউব্যবসায়ীরা। কিন্তু আমাদের সরোয়ার...! রাজনীতির ধারেকাছে না থাকা আপাদমস্তক পেশাদার মানুষ সে। তবু তার বিরুদ্ধেও কালিমা লাগানোর অপচেষ্টা হয়েছে। আমি এর প্রতিকার করতে পারিনি পুরোপুরি। এই কষ্ট থাকবে আমার। 

তিনি আরো বলেন, সারোয়ার আপনাকে মিস করি। দোয়া করি, জুনিয়র অফিসাররা শিখুক আপনাকে দেখে। শুধু সিলেট না, সততা, সাহস আর কর্মনিষ্ঠার জন্য সারা দেশের মানুষ ভালোবাসে আপনাকে। আমাদের আশাবাদী থাকার এটাও একটা কারণ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’