• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে-এমন তথ্য নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পি.এম.
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান-ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন-এমন কোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, হাদির ওপর হামলার ঘটনাটি ‘টার্গেট কিলিং’ নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের পর মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে পুলিশ। নম্বর প্লেটের সূত্র ধরে মধ্যরাতে পল্টন থানা পুলিশ তাকে আটক করে।

তবে হামলায় সরাসরি অংশ নেওয়া দুইজন এখনো পলাতক। তারা বিদেশে পালিয়ে গেছে কি না-সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পুলিশের কাছে নেই।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছেন।

ওই পোস্টে আরও দাবি করা হয়, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। এছাড়া হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং একই ধরনের আরও হামলার পরিকল্পনার চেষ্টা চলছে বলেও উল্লেখ করা হয়।

তবে এসব দাবি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ