• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী মনিরা শারমিন

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পি.এম.
নওগাঁ-৫ আসনে এনসিপি প্রার্থী মনিরা শারমিন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। নওগাঁ-৫ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি মনোনয়নপত্র তুলেছিলেন।

দলের অবস্থান পরিবর্তনের কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনিরা শারমিন। এ সময় তিনি বলেন, এনসিপি কারও একার সম্পত্তি নয় এবং নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি কিংবা ক্ষমতায় যাওয়ার আগ্রহ তার নেই।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মনিরা শারমিন লেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি ছিল গণঅভ্যুত্থান-পরবর্তী একমাত্র মধ্যপন্থি রাজনীতির ভরসাস্থল। এই দল থেকেই তিনি নওগাঁ-৫ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী হন। তবে মনোনয়ন পাওয়ার আগে তিনি জানতেন না যে দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে ৩০টি আসনে সমঝোতা করবে। তার ভাষায়, তিনি জেনেছিলেন দলটি ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও লেখেন, “যেহেতু এখন দলের পজিশন পরিবর্তন হয়েছে, তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি। আমি এনসিপির স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। দলের প্রতি আমার কমিটমেন্ট ভাঙিনি। তবে এই মুহূর্তে দলের প্রতি কমিটমেন্টের চেয়ে আমার গণঅভ্যুত্থানের প্রতি এবং দেশের মানুষের প্রতি কমিটমেন্ট বড় হয়ে দাঁড়িয়েছে।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এখনো দল থেকে পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। “এনসিপি কারও একার সম্পত্তি না। আজ পর্যন্ত এমন কিছু বলিনি বা করিনি, যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না, ক্ষমতায় যেতে চাই না,”—লেখেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে মনিরা শারমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এনসিপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ। তিনি বলেন, “বিভিন্ন কারণে মনিরা শারমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। সে কারণে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।”

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ (সদর) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার ঘটনায় দলটির ভেতরে অসন্তোষ দেখা দেয়। এর জেরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগের ঘোষণা দেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক
জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির