চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই সময় দুই পরাশক্তি চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। ফেব্রুয়ারির মাঝামাঝিতে উত্তর ভারত মহাসাগরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ায় তিন দেশের নৌবাহিনী একসঙ্গে অংশ নেবে।
শনিবার (৩১ জানুয়ারি) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট’ নামের এই যৌথ নৌ মহড়ায় ইরান, চীন ও রাশিয়ার নৌ ইউনিটগুলো অংশ নেবে।
প্রতিবেদন অনুযায়ী, মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনীর পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌ শাখার ইউনিট যুক্ত থাকবে। একই সঙ্গে চীন ও রাশিয়ার নৌবাহিনীর জাহাজ ও সদস্যরাও এতে অংশ নেবে।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে উত্তর ভারত মহাসাগরে এই মহড়া আয়োজন করা হবে বলে জানিয়েছে তাসনিম।
সংস্থাটি আরও জানায়, ইরানের নৌবাহিনীর উদ্যোগে ২০১৯ সালে প্রথমবারের মতো ‘ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট’ মহড়ার সূচনা হয়। এরপর থেকে এ পর্যন্ত মোট সাতবার এই যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। চলমান এই আয়োজন এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং একই সঙ্গে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানান। তার এই বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এর জবাবে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হামলার উদ্যোগ নেয়, তাহলে তার প্রতিক্রিয়া হবে ‘দ্রুত ও মারাত্মক’।
একই সঙ্গে তারা আবারও স্পষ্ট করেছেন, তেহরান কেবল তখনই আলোচনায় বসতে রাজি, যখন তা হবে তাদের ভাষায় ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং জোরপূর্বকহীন শর্তে।
ভিওডি বাংলা/এমএস







