• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্টে আপত্তিকর পোস্ট দিয়েছে: জুবায়ের

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে এ দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, এই ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জুবায়ের।

জুবায়ের বলেন, “জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই করেছে। এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে।”

তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে ‘দায় সারতে’ একদল লোক কর্মসূচি দেয়ার পরিকল্পনা করেছিল এবং তারাই তাদের সাইবার টিমের মাধ্যমে এই কাজ করছে বলে তারা ধারণা করছেন।

জুবায়ের জানান, শনিবার রাতে এই ঘটনার বিষয়ে থানায় জিডি করা হয়েছে এবং আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতে ইসলামীকে বিতর্কে তোলার চেষ্টা চলছে এমন অভিযোগ করে তিনি বলেন, “একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে।” এ বিষয়ে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হবে বলে জানান তিনি।

জামায়াত ইসলামী তথ্য প্রযুক্তি বিভাগ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরেই তাদের ওপর সোশ্যাল মিডিয়ায় সাইবার হামলার চেষ্টা হচ্ছে। শুধু আমিরের এক্স হ্যান্ডেল নয়, একই সঙ্গে একটি ফেসবুক পেজও তারা নিয়ন্ত্রণে নিয়েছিল।

তথ্য প্রযুক্তি বিভাগ জানিয়েছে, ড. শফিকুল ইসলাম মাসুদসহ একাধিক নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার আক্রমণ করা হয়েছে।

এর আগে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, “শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।”

তিনি জানান, বিতর্কিত পোস্ট দ্রুত সরিয়ে ফেললেও তখন পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার শুরু হয়ে গেছে।

এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান সিরাজুল ইসলাম।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, ১২ ঘণ্টা পর জিডি
বিএনপি মুখপাত্রের প্রশ্ন: জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, ১২ ঘণ্টা পর জিডি
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ