পররাষ্ট্র উপদেষ্টা:
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আশা প্রকাশ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটগ্রহণে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনের কূটনীতি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন জানান, সরকার নির্বাচনের সময় সহিংসতা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে, তা বিদেশিদের ইতোমধ্যেই জানানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আলোচনাও এখন একটি নিয়মিত প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে, যা দেশের জনগণও সমর্থন করছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কয়েকজন উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়ার জন্য কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে নিজে তিনি এখনও পাসপোর্ট হস্তান্তর করেননি।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও কোনো তথ্য নেই।
এছাড়া, তিনি কূটনীতির প্রশিক্ষণ এবং নির্বাচনী প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনীতিকরা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় যথাযথ তথ্য পাচ্ছেন।
ভিওডি বাংলা/জা







