পাবিপ্রবিতে ১৫ তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড প্রতিযোগিতার আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় রসায়ন বিভাগের আয়োজনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। রিসোর্স পারসন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, প্রতিযোগিতায় পাবিপ্রবি কেন্দ্রের কনভেনর রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল, কো-কনভেনর ড. শাকিলা সুলতানা খান এবং সম্পাদক মো. ফারুক আহম্মেদ। এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়।
রাজশাহী অঞ্চলের এ প্রতিযোগিতায় ২৫টি কলেজের প্রায় ৪২০ জন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় আজ একই সাথে সারাদেশে মোট ১৪টি ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ এপ্রিল ফাইনাল রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সাহসকে আমরা সম্মান জানাই। তোমাদের এই সাফল্য আরও সামনে নিয়ে যাবে। বিজ্ঞান আমাদের যৌক্তিক প্রশ্ন করতে শেখায়। তোমরা একসময় বিজ্ঞানী হবা এবং দেশকে নেতৃত্ব দিবে।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘তোমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞান ও রসায়নের গুরুত্ব অনেক বেশি। তোমাদের আগ্রহ আমাদের আশান্বিত করে। এর ফলে নতুন গবেষণার দ্বার উন্মোচন হবে। তোমাদের মাধ্যমেই একদিন বাংলাদেশে নোবেল পুরস্কার আসবে।’
রিসোর্স পারসন অধ্যাপক ড. মো. আহসান হাবীব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনায় তোমাদের অনেক বেশি শ্রম দিতে হবে। এর ফলে তোমরা ভালো ফল পাবে। তোমাদেরকে সমাজে অবদান রাখতে হবে। তুমি যেটাই পড়ো, সেখান থেকেই ভালো করতে হবে।’
ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ







