চরমোনাই পীর
ইসলামের ইজ্জত রক্ষায় একক নির্বাচনে ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের ইজ্জত রক্ষার লক্ষ্যে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
রোববার (১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-১ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে রামগঞ্জ পৌর শিশুপার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে সুন্দরভাবে গড়ে তোলার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্যেই ইসলামের পক্ষে একটি বাক্সের দাবিতে আওয়াজ তোলা হয়েছিল। তখন সারা দেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উদ্দীপনা দেখা গেলেও পরিবর্তনের সেই আকাঙ্ক্ষার মধ্যেই একটি ক্ষমতালোভী স্বার্থান্বেষী গোষ্ঠী ঘোষণা দেয়, তারা ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে না; বরং প্রচলিত আইন ও ব্যবস্থার মাধ্যমেই দেশ চালাবে।
তিনি বলেন, এ ঘোষণায় আমরা হতবাক হয়ে যাই। তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষের বাক্স ও ইসলামের ইজ্জত রক্ষার লক্ষ্যে হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
মুফতি রেজাউল করীম অভিযোগ করে বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই ৫৪ বছর আগে লাখো মানুষ জীবন দিয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু দীর্ঘদিন যারা দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়ন হয়নি। বরং তাদের শাসনামলে দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, হাজার হাজার মায়ের কোল শূন্য হয়েছে এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে।
তিনি বলেন, “আর কতকাল আমরা এসব মায়ের আর্তনাদ শুনব? দুর্নীতিতে আর কতবার এই দেশকে চ্যাম্পিয়ন বানানো হবে? আমাদের সন্তানেরা পঙ্গু হবে, চক্ষু হারাবে—এ দৃশ্য আর কতদিন দেখতে হবে?”
চরমোনাই পীর আরও বলেন, মহান আল্লাহ ঘোষণা করেছেন—যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ সে জাতির ভাগ্য পরিবর্তন করেন না। আজকের এই জনসভায় সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রমাণ করে, ইসলামের পক্ষের প্রার্থী, মানবতার কল্যাণের পক্ষের প্রার্থী ও দেশপ্রেমিক শক্তির প্রার্থী—হাতপাখা প্রতীক—আল্লাহর রহমতে বিজয়ী হবে।
ভিওডি বাংলা/ আ







