ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনের ভোটগ্রহণ কেন্দ্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে ডিএমপি প্রণীত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা বিষয়ক এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। থানা এলাকা থেকে দূরে অবস্থিত কেন্দ্রগুলোর ওপর বিশেষ নজরদারি জোরদার করার পাশাপাশি থানা এলাকায় নিয়মিত পুলিশি টহল আরও বৃদ্ধি করার নির্দেশ দেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। এই বিষয় মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে।” তিনি জানান, নির্বাচনকে ঘিরে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
ভিওডি বাংলা/এমএস







