প্রথমবারের মতো ফরিদপুরের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরে প্রথমবারের মতো নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় অংশ নেবেন।
ফরিদপুরে এটি তারেক রহমানের প্রথম কোনো জনসমাবেশ, যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি স্বল্প সময়ের জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এই প্রথম জনসভাকে কেন্দ্র করে দলটির জেলা শাখা ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের দক্ষিণ অংশের মাঝামাঝি স্থানে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে। জেলা বিএনপির শীর্ষ নেতারা সার্বক্ষণিকভাবে এ প্রস্তুতি তদারকি করছেন।
জনসভা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী সমাবেশের অনুমতি চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ফরিদপুরের জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সুপারের কাছেও আবেদন জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা- শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরের নেতাকর্মীরা এই জনসভায় অংশ নেবেন। সমাবেশে এ অঞ্চলের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপির চেয়ারম্যান।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, “আমরা আশা করছি এ নির্বাচনি সভায় অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম ঘটবে। মাননীয় চেয়ারম্যান ওই দিন বরিশাল থেকে হেলিকপ্টারে ফরিদপুর আসবেন। দুপুর ১২টার দিকে তিনি ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। ফরিদপুরের কর্মসূচি শেষ করে তিনি হেলিকপ্টারে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।”
ভিওডি বাংলা/এমএস







