শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকার নিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য মহানগরীতে সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শবে বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হবে। পবিত্র রাতের মর্যাদা বজায় রাখা, শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬–এর ২৮ ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা অনুসারে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীতে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো, বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার এই কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/এমএস







