শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি নিশ্চিত করেছে, প্রার্থীর মৃত্যু নির্বাচনী কার্যক্রমের জন্য আপাতত স্থগিতের কারণ হিসেবে বিবেচিত হয়েছে। পরবর্তীতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ অনুযায়ী, ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদল। তিনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। জামায়াতের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, বাদল কিডনি জটিলতায় মারা গেছেন। তারা শোকাহত পরিবারের ধৈর্য কামনা করেছেন।
ভিওডি বাংলা/ আরিফ







