বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা জিয়াউল হক পলাশের জীবনে এলো নতুন আনন্দের অধ্যায়। বাবা হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা তার ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। খুশির এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।
কাজল আরেফিন অমির আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পলাশ। পর্দায় দীর্ঘদিনের ব্যাচেলর ইমেজের বাইরে এবার বাস্তব জীবনেও নতুন দায়িত্বের পথে পা রাখলেন তিনি।
নিজের আনন্দের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দেন পলাশ। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’
পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের ভিড় জমে। কেউ অভিনন্দন জানিয়েছেন, কেউ আবার মজার ছলে মন্তব্য করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনারে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।’
আরেক ভক্তের মন্তব্য, ‘ভাই, আপনার কপাল! দারুণ একটা দিনে বাবা হলেন আপনি।’ অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ রেখে চলেছেন জিয়াউল হক পলাশ। নতুন এই জীবনের জন্য শুভকামনাই এখন ভক্তদের একমাত্র ভাষা।
ভিওডি বাংলা/এমএস







