অ-১৯ নারী দল
অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে অপরাজিত থেকেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে পিটার বাটলারের শিষ্যরা।
এই টুর্নামেন্টে বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান অংশ নেয়। চার দল একে অপরের সঙ্গে একবার করে খেলেছে। তিন ম্যাচ শেষে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, ভারত ৬ পয়েন্টে দ্বিতীয়, নেপাল ৩ পয়েন্টে তৃতীয় এবং ভুটান শূন্য পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থাকে। বাইলজ অনুযায়ী শীর্ষ দুই দল বাংলাদেশ ও ভারত ফাইনালে মুখোমুখি হবে।
দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত থাকায় কোচ পিটার বাটলার একাদশে কিছু পরিবর্তন আনেন। তবে ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিমা মুন্ডার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধের ইনজুরি সময়ে আলপি আক্তারের গোলে ব্যবধান ২-০ হয়। দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে আলপির আরও একটি গোল ও পরবর্তী আরেকটি গোলের মাধ্যমে বাংলাদেশ ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। ম্যাচের শেষ দিকে নেপাল ১০ জনের দলে পরিণত হয়।
তিন ম্যাচে বাংলাদেশ ১৮ গোল করলেও কোনো গোল হজম করেনি। ৭ ফেব্রুয়ারি ফাইনালে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ২-০ জয়ের অভিজ্ঞতা থাকায় মানসিকভাবে এগিয়ে থাকবেন অর্পিতারা।
ভিওডি বাংলা/ আরিফ







