হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে থাকার অঙ্গীকার ইশরাকের

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের আচরণ ও বক্তব্য জনগণের মধ্যে শঙ্কা সৃষ্টি করছে, বিশেষ করে নারী সমাজের মধ্যে। এই আচরণ শুধু স্বাধীনতাই নয়, হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। তবে বিএনপি কখনোই তা হতে দেবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসন এলাকায় ইসকন মন্দিরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি কারাগারে ছিলেন এবং ৬ আগস্ট মুক্ত হন। মুক্ত হওয়ার দিন রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১০ জন গুরুত্বপূর্ণ নেতা এবং অঙ্গসংগঠনের আরও ১০ জন নেতাকে নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান একটি জুম বৈঠক করেন।
ওই বৈঠকে তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দেন হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা এবং তাঁদের ধর্মীয় উপাসনালয় যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষ করে পুরান ঢাকার দায়িত্বে থাকা আমাকে আলাদাভাবে নির্দেশ দেওয়া হয়, যেন কোনো অবস্থাতেই হিন্দু সম্প্রদায়ের স্থাপনা, বাসস্থান, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ধর্মীয় উপাসনালয়ে একটি ফুলের টোকাও না লাগে।
এই নির্দেশনার পর থানা, মহানগর ও আশপাশের এলাকার নেতাকর্মীদের সতর্ক করা হয় বলে জানান ইশরাক হোসেন।
এরপর থেকে তারা আরও তৎপর হয়ে ওঠেন এবং প্রতিটি মন্দির নিরাপদ রাখার বিষয়টি দৃঢ়ভাবে নিশ্চিত করা হয়। তিনি নিজেও বিভিন্ন এলাকায় গিয়ে মন্দিরগুলো পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন এবং একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে চান। তাঁদের কাছে সবার আগে পরিচয় মানুষ।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, তাঁকে একবার সুযোগ দিলে কেউ নিরাশ হবে না। শত শত বছর ধরে যেভাবে সবাই একসঙ্গে বসবাস করে আসছে, সেভাবেই সামনে এগিয়ে যেতে চান তাঁরা।
তিনি ৯০-এর দশকের বাবরি মসজিদ ধ্বংসের সময়ের প্রসঙ্গ টেনে বলেন, তখন তিনি ছোট ছিলেন, কিন্তু তাঁর বাবা ও সহকর্মীরা এই অঞ্চলের দায়িত্বে থেকে বিভিন্ন জায়গায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এখন তিনি চান, জনগণ তাঁদের পাশে থাকুক।
ইশরাক হোসেন আরও বলেন, তাদের নেতা দেশে ফিরে সারা দেশে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা দেশকে এগিয়ে নিতে চান এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন। অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং কোনোভাবে বিঘ্ন সৃষ্টি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।
ভিওডি বাংলা-সবুজ/জা







