মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান মাটির নিচে নির্মিত তাদের আরও একটি নতুন মিসাইল ঘাঁটির তথ্য প্রকাশ করেছে। বুধবার (গতকাল) দেশটির প্রভাবশালী ইসলামিক বিপ্লবী গার্ড এই ঘাঁটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে।
ঘাঁটি পরিদর্শনে যান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। এ সময় ঘাঁটির কার্যক্রম ও সক্ষমতা তুলে ধরা হয়।
পরিদর্শনকালে এই দুই শীর্ষ সামরিক কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল শক্তি, প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে উপস্থিত অন্যান্য কমান্ডারদেরও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।
সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, “শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি। যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি। একইসঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা।”
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ বড় আকারের সামরিক উপস্থিতি জোরদার করেছে। একই সময়ে দুই দেশের মধ্যে আলোচনার সিদ্ধান্ত হলেও সমাধান না এলে সামরিক হামলার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি এবার হামলা চালায়, তবে তার প্রভাব আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
সূত্র: ফার্স নিউজ
ভিওডি বাংলা/এমএস







