শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলটি তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জনগণের প্রত্যাশা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রণীত এই ইশতেহার দেশের রাজনীতিতে একটি নতুন দিকনির্দেশনা দেবে বলে বিএনপি আশাবাদী।
এর আগে রাজধানী ঢাকায় আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন বলেন, ইশতেহার প্রণয়নের তাত্ত্বিক ও প্রায়োগিক সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় ধরে দেশব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, আলোচনা ও কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতেই এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের অভাব-অভিযোগ, প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। জনগণের সরাসরি অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে, যা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে বলে দলের বিশ্বাস।
তিনি জানান, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ এবং পূর্বঘোষিত ‘২৭ দফা’র মূল ভিত্তির আলোকে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে ইশতেহারটি তৈরি করা হয়েছে।
ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য অধিকার, সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও সুস্পষ্ট দিকনির্দেশনা থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভিওডি বাংলা/জা







