• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হজের ভিসা পাওয়ার তারিখ জানালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র হজ মৌসুম চলতি বছরের প্রস্তুতি হিসেবে সৌদি আরব ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। 

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজের মূল আনুষ্ঠানিকতার প্রায় চার মাস আগেই ভিসা কার্যক্রম শুরু করা হচ্ছে। এটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার লক্ষ্য হজযাত্রীদের জন্য উন্নত সেবা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজের পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবার সব চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া ‘নুসুক’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসন ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। চলতি বছর পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে যাওয়া সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের অবশ্যই সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে। এই পরীক্ষা শেষে স্বাস্থ্য পরীক্ষার ‘ফিটনেস সনদ’ প্রাপ্ত হজযাত্রীরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ সম্ভবত ২৬ মে অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে। হজের মূল পবিত্র স্থানগুলোতে আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজবিষয়ক দপ্তর তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

মন্ত্রণালয় হজযাত্রীদের সতর্ক করে জানিয়েছে, ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদসহ আবেদন প্রক্রিয়া শেষ করা অত্যন্ত জরুরি। সময়মতো আবেদন না করলে হজযাত্রীদের অংশগ্রহণ ব্যাহত হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, আগাম প্রস্তুতির মাধ্যমে হজযাত্রীদের জন্য নিরাপদ, সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে প্রবাসীরাও এবার মদ কিনতে পারবেন
সৌদিতে প্রবাসীরাও এবার মদ কিনতে পারবেন
সংঘাতের শঙ্কা তুঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
সংঘাতের শঙ্কা তুঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা