• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোজার আগে লেবু-মুরগির দাম চড়েছে, সবজি ও পেঁয়াজে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রোজার বাকি মাত্র কয়েকটা দিন, তাই ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ লেবুর দাম বাড়তে শুরু করেছে। একই সঙ্গে মুরগি ও কাঁচা মরিচের দামও ঊর্ধ্বমুখী। তবে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে সবজি ও পেঁয়াজের বাজারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের বাজার ঘুরে দেখা গেছে, রমজানে বেশি চাহিদা থাকা লেবু বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। বাজারে আসা ক্রেতারা বলছেন, রোজার আগে এমন দাম বাড়ায় পকেটে চাপ তৈরি হচ্ছে। কারওয়ান বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, “রোজা শুরুও হয়নি, এর মধ্যেই লেবুর দাম বাড়তি। রোজায় যদি আরও বাড়ে, অন্যান্য পণ্যের খরচ সামলানো কঠিন হয়ে যাবে।”

খুচরা বিক্রেতারা জানান, শবে বরাতের দু’দিন আগে থেকেই লেবুর দাম বাড়তে শুরু করেছে। প্রতি বছরই রোজার আগে লেবুর চাহিদা বেড়ে যায়, সরবরাহ কমে যায়, তাই দাম কিছুটা বেশি থাকে। কারওয়ান বাজারের এক লেবু বিক্রেতা বলেন, “এ সময়ে চাহিদা বেশি, সরবরাহ কম। তাই দাম একটু বাড়তি।”

সবজির বাজারে তুলনামূলক স্বস্তি দেখা যাচ্ছে। প্রতিকেজি বেগুন ৫০–৬০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৫০–৬০ টাকা, করলা ১০০–১২০ টাকা, মূলা ৩০–৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৩০–৪০ টাকা, পেঁপে ৩০–৪০ টাকা, টমেটো ৪০–৫০ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে, প্রতি কেজি ১০০–১২০ টাকা।

পেঁয়াজের বাজারে স্বস্তি দেখা যাচ্ছে নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসায়। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকায়। বাজার করতে আসা গৃহিণী নাজমা আক্তার বলেন, “পেঁয়াজের দাম এখন মোটামুটি ঠিক আছে। যদি এমন থাকে, কিছুটা হলেও স্বস্তি পাব।”

মুরগির বাজারে বাড়তি চাপ দেখা গেছে। ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা, সোনালি মুরগির কেজিতে ২০ টাকা বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি, সোনালি মুরগি ৩০০–৩২০ টাকা এবং লাল লেয়ার ৩০০ টাকা কেজি দরে।

বিক্রেতারা জানান, বিয়ে, শাদি ও বিভিন্ন অনুষ্ঠানের কারণে মুরগির চাহিদা বেড়ে গেছে। এক মুরগি বিক্রেতা বলেন, “এই সময় অনুষ্ঠান বেশি হয়, চাহিদা বেড়ে যায়। তাই দাম একটু বেশি।”

মোটকথা, রোজার শুরুতে ক্রেতাদের জন্য লেবু ও মুরগিতে খরচ বাড়লেও পেঁয়াজ ও সবজিতে কিছুটা স্বস্তি আছে। বাজার পর্যবেক্ষকরা বলছেন, সরবরাহ ও চাহিদার সামঞ্জস্য না থাকায় কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকে, তবে নিয়মিত পর্যবেক্ষণ করলে ক্রেতারা কিছুটা প্রস্তুতি নিতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
টানা তিন দফায় কমল স্বর্ণের দাম
টানা তিন দফায় কমল স্বর্ণের দাম
এক মাসে এলো ৩.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স
এক মাসে এলো ৩.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স