এপস্টেইন ফাইলে নামের বিতর্কে এবার মুখ খুললেন অনুরাগ

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের নাম কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নতুন প্রকাশিত ইমেইল ফাইলে উঠে আসার পরই মিডিয়ায় শোরগোল শুরু হয়েছিল। এবার নিজের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করলেন পরিচালক।
এফাইলের তথ্যে দেখা গেছে, অনুরাগকে বৌদ্ধ ধর্ম, প্রযুক্তি ও চিকিৎসা সংক্রান্ত এক আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তাকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। অনুরাগ কাশ্যপ বিষয়টি নিয়ে জানিয়েছেন, “বিষয়টি নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। বিভিন্ন জায়গা থেকেই বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পাই। যতটুকু মনে পড়ছে, ওই ইমেইলটি কোনো এক মাসের মাঝামাঝি সময়ে এসেছিল। আমি এর কোনো উত্তর দিইনি। আর বড় কথা হলো, আমি জীবনে কখনো বেজিংয়েই যাইনি।”
তিনি আরও জানান, হঠাৎ করেই ইমেইলটি তাকে পৌঁছেছিল। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের কারণে অনেকের কাছে তার ইমেইল আইডি থাকে, সম্ভবত সেখান থেকেই তার যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, ইমেইলটি তার কাছে ২০১৭ সালে এসেছিল, তবে সেই অনুষ্ঠানে তার অংশগ্রহণের কোনো প্রমাণ নেই।
উল্লেখযোগ্য, কেবল অনুরাগ কাশ্যপই নন; এপস্টেইন ফাইলে নাম এসেছে ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন ও নন্দিতা দাসের মতো আরও কয়েকজন তারকাদেরও। নথি অনুযায়ী, ২০১৫ সালে বচ্চন দম্পতিকে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তারা সেই মেইলের কোনো উত্তর দেননি।
ভিওডি বাংলা/এমএস







