আইনি জটিলতায় থালাপতি বিজয়

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের জন্য সময়টা এখন চ্যালেঞ্জিং। একের পর এক বিতর্ক এবং আইনি জটিলতার মধ্যে এবার নতুন ধাক্কা লেগেছে তার উপর। ‘জননয়গণ’ সিনেমা সংক্রান্ত স্থগিতাদেশ সামলানোর মধ্যেই মাদ্রাজ হাইকোর্ট তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানার রায় বহাল রেখেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ বিজয়ের করা রিট পিটিশন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষে আয় গোপন করার অভিযোগে আয়কর দপ্তরের ধার্য করা জরিমানা সম্পূর্ণ আইনসঙ্গত।
মিডিয়ার খবরে বলা হয়েছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বিজয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দাবি ছিল, তিনি প্রায় ১৫ কোটি রুপির আয়ের তথ্য আয়কর দপ্তরের নিকট গোপন করেছেন। ২০১৮ সালে এই আয়ের বিপরীতে ১.৫০ কোটি রুপি জরিমানা ধার্য করা হয়।
জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হন বিজয়। তার আইনজীবীরা দাবি করেছিলেন, নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পরই এই জরিমানা ধার্য করা হয়েছে।
তবে হাইকোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনে নোটিশ সঠিক সময়ে পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটিই আইনসম্মত ছিল। ফলে এখন আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অর্থ আদায়ে আর কোনো আইনি বাধা নেই।
তবে আদালত বিজয়ের জন্য এক পথও খোলা রেখেছে। তিনি চাইলে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।
ভিওডি বাংলা/এমএস







