এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর—প্রায় ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান শিগগিরই এমপিওভুক্ত হতে পারে। আগামী সপ্তাহে এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করা সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে ইতোমধ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এমপিওভুক্তির তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন-মাধ্যমিক ৪৭১টি, মাধ্যমিক ৬২৩টি, উচ্চ মাধ্যমিক ১০৫টি এবং স্কুল ও কলেজ রয়েছে ১৪৫টি। এছাড়া ৭৮টি দাখিল, ২০২টি আলিম এবং ৩৫টি ফাজিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এ তালিকায়।
সূত্র জানায়, তিন হাজারেরও বেশি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে এক হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে।
তবে এটি চূড়ান্ত তালিকা নয়। কিছু প্রতিষ্ঠান চূড়ান্ত অনুমোদনের সময় বাদ পড়তে পারে। মূলত অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দের পরিমাণ চূড়ান্ত তালিকার নির্ধারণ করবে।
ভিওডি বাংলা/এমএস







