দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্রক্ষমতায় এলে কঠোর আইনগত ও পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে দলটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার–২০২৬ ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
দুর্নীতি রোধে ইশতেহারের প্রধান প্রতিশ্রুতিসমূহ:
সংস্থা ও আইন সংস্কার: দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুর্নীতি দমন আইন সংস্কার করা হবে।
স্বচ্ছতা ও ডিজিটালাইজেশন: উন্মুক্ত দরপত্র ব্যবস্থা চালু, রিয়েল-টাইম অডিট এবং ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতি কমানো হবে।
ব্যবসা-বাণিজ্যে সহজীকরণ: হয়রানি কমাতে ব্যবসা-বাণিজ্যে ‘সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স’ ব্যবস্থা চালু করা হবে।
অর্থ পাচার রোধ: বিগত সময়ে পাচারকৃত অর্থ ফেরত আনতে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে।
জবাবদিহিতা: ন্যায়পাল নিয়োগ এবং সরকারি ব্যয় ও প্রকল্পে ‘পারফরম্যান্স অডিট’ বাস্তবায়ন করা হবে।
ইশতেহারে স্মরণ করানো হয়, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে দেশকে দুর্নীতি সূচক থেকে মুক্ত করেছিল। বর্তমান ইশতেহারে ‘অন্যায় যে করে সে কোনো দলের নয়’—এই নীতিতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
ভিওডি বাংলা/এমএস







