হাবিবুর রশিদ
ভোটারদের হাতেই বাংলাদেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ

ঢাকা–৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ভোটারদের হাতেই বাংলাদেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ভর করছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের নাগরিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সহযোদ্ধারা রক্ত দিয়েছে, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রজনতা আত্মহুতি দিয়েছে। শরিফ উসমান হাদীকে হত্যা করা হয়েছে।
এসব ত্যাগের প্রতি সম্মান জানাতে হলে এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ ও স্থিতিশীল দেখতে চাইলে ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট না দিলে দেশের রাজনীতি আবার অস্থিতিশীল হবে, বাংলাদেশ অনিরাপদ ও অগণতান্ত্রিক হয়ে পড়বে এবং তাবেদার শক্তিগুলো সক্রিয় হয়ে উঠবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। কেউই চায় না তার সন্তান অনিরাপদ ভবিষ্যতের মুখোমুখি হোক কিংবা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক। সে কারণেই পরিবার-পরিজনসহ সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়াই সবার দায়িত্ব।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি দীর্ঘ ৫৪ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন এবং ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। রাজনীতি করতে গিয়ে তাঁর বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা হয়েছে, সাতবার কারাবরণ করেছেন এবং হত্যাচেষ্টার শিকার হয়েছেন।
তিনি বলেন, আগামী দিনে প্রতিহিংসার রাজনীতি নয়, এলাকার উন্নয়নই তাদের লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে হাবিব বলেন, পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশ ও ঢাকা–৯ আসনকে নিরাপদ, মানবিক, সম্প্রীতিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নয়নশীল হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ক্ষমতার আগে দেশ, রাজনীতির আগে জনতা—সবার আগে বাংলাদেশ। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







