• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

পটুয়াখালী প্রতিনিধি    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পি.এম.
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

নির্বাচনী মাঠে প্রতীক ও আদর্শের প্রশ্নে সরব বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যারা রাজনীতিতে ফিরছে, তারা মূলত স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থন্বেষী মহল। তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ; কোন ইনসাফ! দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অন্য পাল্লায় দেখি গোপনে ভারত।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতে ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।”

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বিএনপি কিংবা জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেনি। বরং তারা প্রচলিত ধারায় রাষ্ট্র চালানোর কথাই বলেছে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে দেশ ইসলামভিত্তিক শাসনব্যবস্থার আওতায় পরিচালিত হবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রচলিত আইন ব্যবস্থার কারণেই দেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষে উঠেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে তথাকথিত বেগমপাড়া গড়ে উঠেছে। একই ব্যবস্থার কারণে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে রেজাউল করীম বলেন, “আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারবো না। আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষ দেশ ছেড়ে পালাতে হবে না।”

এ সময় তিনি হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরে বলেন, “হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটা ভোট পড়ে তাহলে ইসলামের পক্ষে একটা শক্তি বাড়ে।” তিনি নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলার পাবলিক মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সভাপতি ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা
কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা
সাতক্ষীরায় ভোটকেন্দ্র সব সিসি ক্যামেরার আওতায়
সাতক্ষীরায় ভোটকেন্দ্র সব সিসি ক্যামেরার আওতায়
ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: খোকন তালুকদার
ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: খোকন তালুকদার