মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “ওয়াশিংটন যদি আমাদের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে আমরা মার্কিন মূল ভূখণ্ডে নয়, এই অঞ্চলে থাকা তাদের ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ চালাব।” শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
আরাঘচি আরও বলেন, “আমাদের ওপর হামলা চালানো হলে আমরা প্রতিক্রিয়া জানাব, তবে আমেরিকার মূল ভূখণ্ড লক্ষ্য করা হবে না।” সাক্ষাৎকারের কিছু অংশ ইরানের সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়েছে।
এদিকে পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘স্বস্তিজনক’ চুক্তির জন্য ইরান প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে আমরা প্রস্তুত।”
পরবর্তী আলোচনার সময় এখনও নির্ধারিত না হওয়ায় আরাঘচি জানান, “দ্বিতীয় দফার আলোচনার কোনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি। তবে তেহরান ও ওয়াশিংটন উভয়ই মনে করে, আলোচনা শিগগিরই হওয়া উচিত।”
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, “ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনাযোগ্য নয়। এটি আমাদের প্রতিরক্ষার বিষয়।”
এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সঙ্গে আলোচনায় খুবই ইতিবাচক পরিবেশ বিরাজ করেছে।
এই হুঁশিয়ারি ও কূটনৈতিক সংলাপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও জটিল করে তুলতে পারে।
ভিওডি বাংলা/এমএস







