নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাসউদ

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। তিনি বলেন, একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী-সবাই একযোগে কাজ করছে। নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সার্কিট হাউসের হলরুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা, ভোটকেন্দ্রের পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় এবং ঝুঁকিপূর্ণ এলাকার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন কমিশনার বলেন, ‘সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা হস্তক্ষেপ নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনসহ সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত। এ সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে-এমন যেকোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।’
ইসি মাসউদ বলেন, ‘নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা কিংবা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশনের অবস্থান হবে কঠোর। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার আশ্বস্ত করে বলেন, প্রয়োজন অনুযায়ী প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হবে।
সভায় আরো জানানো হয়, নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সাইবার মনিটরিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রশাসনকে আরো সক্রিয় রাখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন রিটানিং কর্মকর্তা এনামুল আহসান। এছাড়া সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, বিভাগের ৮ জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
ভিওডি বাংলা/ আরকেএইচ







