জামায়াত আমির:
জোট জিতলে নাহিদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে

ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, যে ১১ দলীয় জোট নির্বাচনে জিতলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাড্ডায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই থামানো যাবে না। আমাদের জনগণ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বে সততার অভাব ছিল। দুর্নীতি থেকে নিজেদের মুক্ত রাখার শপথও তারা পালন করেনি। দেশের প্রতি দায়িত্ববোধও তাদের ছিল না। এজন্যই আমাদের দেশ আগাতে পারেনি। আশা করি, যুব প্রজন্ম আমাদের হতাশ করবে না, তারা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।”
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, “এখানে দুইজন প্রার্থী আছেন, আপনাদের পরিচিত। নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এই এলাকায়। আমার এখানে মাসির গল্প শোনানোর প্রয়োজন নেই, আপনাদের কাছে নাহিদই পরিচিত। ইনশাআল্লাহ, যদি জনগণ ন্যায়ের পক্ষে ভোট দেন, তাহলে সেই সরকারের মন্ত্রিসভায় অবশ্যই নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখতে পাবেন।”
তিনি জনগণকে ভোটে অংশগ্রহণের মাধ্যমে ন্যায় ও সততার পক্ষে অবস্থান গ্রহণের আহ্বান জানান। এছাড়া ডা. শফিকুর রহমান দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া তিনি অতীতের নেতাদের দুর্নীতি ও অদক্ষতার উদাহরণ তুলে দেশের উন্নয়নে সুশাসন ও জবাবদিহিতার প্রয়োজনীয়তা বলেন। তার মতে, জোটের বিজয় কেবল নাহিদ ইসলামের মন্ত্রিত্ব নয়, বরং দেশের সমগ্র জনগণের জন্য উন্নয়নের পথ প্রশস্ত করবে।
ডা. শফিকুর রহমানের এই ঘোষণার মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলামের প্রভাব বাড়ানোর পাশাপাশি দলের সমর্থকদের মনোবলও জোরদার হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ভিওডি বাংলা/জা







