আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি: নৌবাহিনী প্রধান

ভোলা জেলার নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি জানান, জেলার চারটি আসনে নৌবাহিনী সদস্যদের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসারও নিয়োজিত রয়েছেন। “আমরা সবাই মিলে চমৎকার সমন্বয়ের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করছি, যাতে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়,” বলেন নৌবাহিনী প্রধান।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে ভোলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়ের পর নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নৌবাহিনী প্রধান আরও বলেন, “জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। সবাই জানিয়েছে, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলিতভাবে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আমরা ভোলা জেলায় সুন্দর, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা নিশ্চিত করবো নির্বাচনের নিরাপত্তা বজায় থাকে এবং মূল দায়িত্ব নির্বাচন কমিশনের কর্মকর্তারা পালন করবেন। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত, এবং পরবর্তী সময়ে কোনো আইনশৃঙ্খলা পরিপন্থি ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব।”
সাংবাদিকদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান বলেন, “নির্বাচন ও গণভোটে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দায়িত্বশীলভাবে আমাদের সহযোগিতা করেছেন, আশা করি নির্বাচনের সময়ও একইভাবে সাহায্য করবেন।”
প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, “দুর্গম এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা জন্য বিশেষ জলযান ও হেলিকপ্টার ব্যবহৃত হবে। জরুরি প্রয়োজনে নৌবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হবে।”
এর আগে অ্যাডমিরাল নাজমুল হাসান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের কর্মকর্তা।
ভিওডি বাংলা/এমএস







