• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জামায়াতের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পি.এম.
জামায়াতে ইসলামী। সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, নির্বাচনের পরিবেশ একপেশে হয়ে পড়েছে এবং প্রশাসন সরকারি দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেন।

অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফলে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। বাউফলের ওসি একপেশে আচরণ করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছি।

তিনি আরো বলেন, ঢাকা-১৫ আসনে এবং পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙচুর হচ্ছে। পাবনায় জেলা আমিরের ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে নারী কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউএনওরা এসব দেখেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ এনে জামায়াত নেতারা বলেন, বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। জামায়াতের পক্ষ থেকে লক্ষাধিক বোরকা বানানো হচ্ছে, এমন প্রচারণাকে ‘কাল্পনিক নাটক’ হিসেবে অভিহিত করেন অ্যাডভোকেট জুবায়ের। 

তিনি বলেন, নারীদের মধ্যে সংশয় তৈরি করতে এবং তাদের নির্বাচনবিমুখ করতেই উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের বড় দায়িত্ব।

সম্প্রতি ১১টি নারী সংগঠনের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নারীদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে।

জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আমরা সেটি উদ্ধার করেছি এবং তদন্তে দেখা গেছে, বঙ্গভবনের এক কর্মকর্তার ই-মেইল থেকে ভাইরাস ছড়িয়ে এটি করা হয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারও করেছে। এটি মূলত জামায়াতের নারী সমর্থনের জোয়ার দেখে একটি মহলের চক্রান্ত।

তিনি আরও বলেন, বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু এবং সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছি।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের আগমনে সবুজবাগে গণজোয়ার সৃষ্টি হবে: হাবিব
তারেক রহমানের আগমনে সবুজবাগে গণজোয়ার সৃষ্টি হবে: হাবিব
গিবত করলে জনগণের কোনো লাভ হয় না: তারেক রহমান
গিবত করলে জনগণের কোনো লাভ হয় না: তারেক রহমান
ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন
ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন