• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার নির্বাচন ১২ ফেব্রুয়ারি: আসিফ মাহমুদ

পিরোজপুর প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পি.এম.
পিরোজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহিত ছবি

আগামীর বাংলাদেশ কেমন হবে, তা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, ‘বিগত ২০ বছরের সব অন্যায়, অনাচার, জুলুম, খুন ও গুমের পর আগামী ১২ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছি। এই ভোটের জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত ভাই তার ভাই হারিয়েছে—তার কোনো হিসাব নেই।’

তিনি বলেন, ‘এই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আমাদের প্রায় ১ হাজার ৪শ ভাই জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘যারা অতীতে ভোট চুরি করে, কেন্দ্র দখল করে এবং জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল, তাদের পরিণতি আমরা দেখেছি। যারা আবারও কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে, যারা দীর্ঘদিন ভোটাধিকারবঞ্চিত মানুষকে আবারও ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে—তাদের পরিণতিও একই হবে এবং তাদের অবস্থান হবে দিল্লিতে।’

তিনি আরও বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকার ভবিষ্যৎ বাংলাদেশে কার্যকর রাখতে চাইলে, আগামী দিনে যেন আর কোনো সন্তানকে ভোটের জন্য জীবন দিতে না হয়, যেন কাউকে জেল-জুলুমের শিকার হতে না হয়—সে জন্য এই নির্বাচনে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।’

এ জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ন্যায় ও ইনসাফের পক্ষে, গণমানুষের পক্ষে ব্যালটে সিল দিতে হবে। সেই প্রতীক হলো শাপলা কলি।’

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ‘আমরা দেখছি একটি দলের প্রধান সারা দেশে ঘুরে ঘুরে ভিন্ন ভিন্ন কথা বলছেন। অনেক কাজ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, সেগুলো নিয়েও তিনি নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। এতে প্রমাণ হয়, তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট জানেন না, কোন জেলার কী সমস্যা—সেটারও খোঁজ রাখেন না।’

তিনি বলেন, ‘এই ধরনের নেতৃত্ব ক্ষমতায় এলে দেশের জনগণের কোনো উপকার হবে না। বরং আবারও তারা জনগণকে হতাশ করবে।’

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে এনসিপি মনোনীত প্রার্থী শামীম হামিদী। এ সময় এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা
তাড়াশে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা
পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল
পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল
ইসলামী আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার নির্বাচনী জনসভা
ইসলামী আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার নির্বাচনী জনসভা