সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তার ভাষণ সরাসরি সম্প্রচার করবে।
এছাড়া আজ একই দিনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। জানা গেছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সম্প্রচার করা হবে, তারপরে ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচারিত হবে বিএনপির চেয়ারপার্সনের ভাষণ।
গতকাল রোববারও জাতির উদ্দেশে ভাষণ সম্প্রচার করা হয়। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যা ৭টায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) সন্ধ্যা ৬টায় বিটিভিতে সরাসরি ভাষণ দেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
ভিওডি বাংলা/জা







