অস্ট্রেলিয়ায় যাবেন ইসরায়েলি প্রেসিডেন্ট, হাজারো মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে হামলার প্রেক্ষিতে ওই সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের জন্য চারদিনের সফরে দেশটিতে যাচ্ছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। তবে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও গণহত্যার অভিযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষ এই সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। খবর আল জাজিরার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ফিলিস্তিনপন্থি বিভিন্ন গোষ্ঠী দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করে। সিডনির কেন্দ্রীয় একটি চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বক্তৃতা শোনেন এবং ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন।
সিডনির ৩০ বছর বয়সী এক বিক্ষোভকারী জ্যাকসন এলিয়ট বলেন, “বন্ডি গণহত্যা ভয়াবহ ছিল, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান নেতৃত্ব ফিলিস্তিনি জনগণ ও গাজার মানুষের প্রতি কোনো স্বীকৃতি প্রদান করেনি। হার্জোগ দখলদারিত্ব সংক্রান্ত সব প্রশ্ন এড়িয়ে গেছেন এবং বলেছেন, এই সফর শুধুমাত্র অস্ট্রেলিয়া ও ইসরায়েলের সম্পর্কের জন্য।”
হার্জোগের সফরের কারণে সিডনিসহ অন্যান্য শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় হেলিকপ্টার টহল দিচ্ছে এবং পুলিশের কর্মকর্তারা ঘোড়ায় চড়ে নজরদারি করছেন। এই সফরের সময় সিডনিতে প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







