২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে, ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনে ভোটের সব ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। যদিও শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
তিনি আরও জানান, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের বিষয়ক প্রজ্ঞাপনটি আজ প্রত্যাহার করা হবে। এছাড়া ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালট সময়সাপেক্ষ হলেও কোন অবস্থাতেই গণনা বিলম্ব হবে না।
এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৩০০টি আসন রয়েছে। এর মধ্যে ২৯৯টি আসনে ভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, সমস্ত নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে যথাযথ নিরাপত্তা এবং ভোট গ্রহণের সরঞ্জাম পৌঁছে গেছে। ভোটারদের নিরাপদ ও নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, জনগণ দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করবেন এবং শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পন্ন হবে।
ভিওডি বাংলা/জা







