• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারাদেশে নির্বাচনের পরিবেশ অনুকূলে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পি.এম.
ফখরুল ইসলাম ঠাকুরগাঁও-এ সাংবাদিকদের বলেন নির্বাচনের পরিবেশ ইতিবাচক-ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। আমরা আশা করছি এটি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।” তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে গণতন্ত্রের পরিবেশে ফিরে যাওয়া সম্ভব হবে এবং দেশের সব ক্ষেত্রে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হবে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “গত ১৫ বছরে অনেক কারচুপি ও নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাই মানুষের মনে একটা সংশয় থাকে যে এবারও হয়তো সব ঠিকঠাক হবে না। তবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ ইতিবাচক। এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং খুব একটা প্রভাব ফেলতে পারবে না।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী। রাজনৈতিক মতামত যাদেরই থাকুক, দায়িত্ব পালনের সময় সবাইকে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। এবারের নির্বাচন চেক-এন্ড-কাউন্টার ব্যালেন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তাই ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা খুব একটা তৈরি হবে না।”

তিনি উল্লেখ করেন, “কয়েকটি ঘটনা প্রথম দিকে হলেও, সবাই সংযত হয়েছে। তাই এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে।”

জামায়াত দল সম্পর্কে তিনি বলেন, “নতুন দল হিসেবে তারা নিজের আওয়াজ বাড়ায় এবং কৌশলে প্রচারণা চালায়। সম্প্রতি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু নিয়ে জামায়াত সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে এসব প্রচেষ্টা কার্যকর হবে না। মানুষ ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবে।”

মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরকে অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে বলেন, “তারেক রহমানের সফর বিএনপির রাজনীতিকে অনেকদূর এগিয়ে নিয়েছে। এটি নির্বাচনের প্রক্রিয়াকেও সুরক্ষিত করেছে।”

তিনি বিএনপির নির্বাচনী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “১৫-১৬ বছরের সংগ্রামের পর আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করা। নির্বাচনে সঠিক ফলাফল পেলে আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব। এজন্য আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচনের উপর বিশেষ গুরুত্ব দেই।”

নির্বাচনের ফলাফলের প্রতি মনোভাব নিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা সবসময় নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছি। অতীতে কখনো ফলাফল অস্বীকার করিনি। উদাহরণস্বরূপ, ২০০৮ সালের নির্বাচনে আমরা ৩০টি আসন পেয়েও সংসদে গিয়েছি।”

সার্বিক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন করে তিনি বলেন, “সব রাজনৈতিক দল অত্যন্ত সতর্কভাবে কাজ করছে। তারা নিজেদের সচেতনতা বজায় রেখে নির্বাচন নিশ্চিত করছে। আমি আশাবাদী, এই নির্বাচন সুষ্ঠু হবে।”

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রক্ষমতায় ফেরার পথে বিএনপি চেয়ারম্যান
রয়টার্সের প্রতিবেদন: রাষ্ট্রক্ষমতায় ফেরার পথে বিএনপি চেয়ারম্যান
কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতি হয়
আবদুস সালাম: কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতি হয়
বিএনপি মিডিয়া সেলের আলী মামুদের মরদেহ উদ্ধার
বিএনপি মিডিয়া সেলের আলী মামুদের মরদেহ উদ্ধার