• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিদেশে বসে উপদেষ্টাদের হত্যার নির্দেশ দিচ্ছে আ’লীগ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পি.এম.
ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুললে তিনি জানান, জোর করে কাউকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি। বরং তারা বিদেশে অবস্থান করে জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যার নির্দেশ দিচ্ছেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার চলছে এবং দলটির শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তবে ওই সময়ের ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনা বা নিন্দাসূচক বক্তব্য দিতে দেখা যায়নি।

নারী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, দেশে নারী ভোটারদের জন্য ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে নারীদের অংশগ্রহণে প্রভাব ফেলবে না। বরং এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি আগের চেয়ে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, অতীতের শাসনামলে হিজাব ও বোরকা পরা নারীদের একটি বড় অংশ হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই নারীদের বড় অংশ আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে আসবেন বলে তিনি মনে করেন।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসর ও জনজীবনে নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি