কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট শহর টাম্বলার রিজে একটি উচ্চ বিদ্যালয় ও পাশের আবাসিক এলাকায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে গুলিবর্ষণের ঘটনা শুরু হয়। টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয় ও নিকটবর্তী একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকেই ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া আহত অন্তত ২৫ জনকে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের জীবন নিয়েছেন।
প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
ভিওডি বাংলা/জা








