• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার দপ্তরে ৪০ হাজার চিরকুট

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পি.এম.
প্রধান উপদেষ্টার দপ্তরে আসা চিরকুট। ছবি: সংগৃহীত

দেশের মানুষের চাওয়া-পাওয়া, ক্ষোভ ও স্বপ্নের এক বিশাল দলিল এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দপ্তরে। কেউ চেয়েছেন জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার, কেউ দাবি তুলেছেন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের। কেউ রাষ্ট্র সংস্কারের কথা লিখেছেন, আবার কেউ তুলে ধরেছেন ব্যক্তিগত দুঃখ-দুর্দশার কথা। কোনো রাখঢাক ছাড়াই সরাসরি প্রধান উপদেষ্টার উদ্দেশে নিজেদের মতামত জানিয়েছেন ৪০ হাজার ২০৬ জন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। ‘দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ গণভোট উপলক্ষে দেশজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এর অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’র সঙ্গে রাখা হয় একটি বিশেষ ‘জনমত বাক্স’। সেই বাক্সেই জমা পড়ে হাজারো মানুষের হাতে লেখা চিরকুট।

প্রেস উইংয়ের তথ্যমতে, ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬টি মন্তব্য, চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি, সিলেট থেকে ১ হাজার ৬৫১টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি এবং ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি মন্তব্য জমা পড়েছে। ভোটের গাড়ি সারা দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২ হাজার ১৬৯টি স্থানে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।

গাজীপুরের ১০ বছর বয়সী রাফা লিখেছে, “আমি এ দেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ দেখতে চাই। এমন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নীতি-নির্ধারক তৈরির নির্বাচন অনুষ্ঠিত হোক।”

কুমিল্লার দেওয়ান সালাহউদ্দিন লিখেছেন, “সুষ্ঠু ভোটের সুযোগ নিশ্চিত করতে হবে। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা চলবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। প্রধান উপদেষ্টা ভালো ভোট আয়োজন করবেন।”

চট্টগ্রামের গোলাম রাব্বানি, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নিয়োগকর্তার সহযোগিতা চেয়েছেন।

ঠাকুরগাঁওয়ের এক দিনমজুর লিখেছেন, “বাজারে সিন্ডিকেট চলছে। গরিব মানুষ গরুর মাংস কিনে খেতে পারছে না। বাজার নিয়ন্ত্রণ চাই।”

বরিশালের সাদিক লিখেছেন, “শিক্ষকদের মান উন্নয়ন ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

পিরোজপুরের এক নাগরিক লিখেছেন, “সব ধর্মের মানুষের সমান অধিকার ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। পক্ষপাতিত্ব যেন না হয়।”

দিনাজপুরের লিজা, বিপাশা, সুমি, লিনা ও বৃষ্টি লিখেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দেশের সুষ্ঠু সংস্কার চাই। নারী ও শিশুর অধিকার নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার কার্যকর হোক।”

প্রধান উপদেষ্টা এসব মন্তব্য পড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে প্রেস উইং জানায়। তিনি বলেন, জনগণের অকৃত্রিম ভালোবাসা অমূল্য সম্পদ। তাই কোনো ধরনের সম্পাদনা বা কাটছাঁট ছাড়াই সব প্রশংসা, পরামর্শ, সমালোচনা ও নিন্দা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে
৯ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরমুখো যাত্রীদের
গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরমুখো যাত্রীদের