চালু হলো ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’ ডিজিটাল প্ল্যাটফর্ম

নাগরিক সেবায় স্বচ্ছতা বৃদ্ধি, প্রবাসীদের সম্পৃক্ততা জোরদার এবং যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে চালু হয়েছে দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম—মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করেন।
‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম উৎসবসহ ব্যস্ত সময়গুলোতে বাস, রেল ও বিমান টিকিট বিক্রিতে অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে।
প্ল্যাটফর্ম দুটি উদ্বোধন উপলক্ষে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো—সব নাগরিক যেন ভোগান্তি ছাড়াই সেবা পান। এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সূচনা হলো।
তিনি আরও বলেন, উদ্যোগ দুটিকে আরও বৃহৎ পরিসরে বিস্তৃত করতে হবে এবং অধিক সংখ্যক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে। পাশাপাশি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার এ ধরনের ডিজিটাল উদ্যোগকে আরও এগিয়ে নেবে।
ভিওডি বাংলা/ এসএইচ/ আরিফ







