নীলফামারীতে সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভোট প্রদান ও সমর্থনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এ তাণ্ডব চালিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর ছোট ভাইয়ের একটি প্রাইভেট কার রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। গাড়ি মেরামত করার সময় জামায়াতের একদল কর্মী মোটরসাইকেলে এসে সেখানে উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাধা দিতে গেলে জামায়াতের নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হয় এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, আফেন্দীর ছোট ভাই ভোট চাইতে আসেননি, তবুও হামলা চালানো হয়েছে। সংখ্যালঘুদের দাবি, তারা কাকে ভোট দেবেন তা নিজের ইচ্ছায় ঠিক করেছিল, কিন্তু জামায়াতকে ভোট না দেওয়ার প্রতিহিংসামূলক এই হামলা চালানো হয়েছে।
এক স্থানীয় বলেন, “আজকে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, বাড়ি-ঘরে আগুন দেয়া হয়েছে। আমরা পরিবারসহ আতঙ্কিত এবং সাহায্যের জন্য আবেদন করছি।”
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রওশন কবির ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বিজিবি নিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।
ভিওডি বাংলা/জা







