জাতীয় ছাত্রশক্তি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতার ছাত্রদলে যোগদান

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান এবং যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলকসহ মোট ৬০ জন নেতাকর্মী।
অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, তরুণদের অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের সমন্বয়ে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেন। একইদিন বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ানও ছাত্রদলে যোগ দেন।
যোগদানের সময় জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব।” তিনি আরও জানান, দেশের গণতন্ত্র ও শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা তরুণ নেতৃত্বকে অনুপ্রাণিত করছে।
এদিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সংগঠনকে আরও গতিশীল করতে দ্রুতই নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। রাজনৈতিক অঙ্গনে তার এই যোগদান সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনভিত্তিক রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
ভিওডি বাংলা/জা







