• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এখনও জমা পড়েনি ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পি.এম.
নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সতর্কবার্তা দিয়েছে সরকার-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ আগ্নেয়াস্ত্র জমা না দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে দেখা গেছে। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও এখনও প্রায় ২০ হাজার ২৮৮টি লাইসেন্স করা অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা পড়েনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গত ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র স্থানীয় থানায় জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। এ সময়ের মধ্যে সারা দেশে ২৭ হাজার ৯৯৫টি বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র জমা পড়ে। তবে ব্যক্তির নামে লাইসেন্স দেওয়া মোট ৪৮ হাজার ২৮৩টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ২০ হাজার ২৮৮টি এখনো জমা হয়নি, যা মোটের প্রায় ৪২ শতাংশ।

এর আগে ১৮ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

নিরাপত্তাজনিত কারণে তফসিল ঘোষণার পর থেকে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বৈধ অস্ত্র বহনের অনুমতি বহাল থাকবে।

এদিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “যে কোনো অস্ত্রই হুমকি। এর বাইরে বিভিন্ন উপায়ে অস্ত্র দেশে প্রবেশ করে। এসব মোকাবিলায় আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।”

নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈধ অস্ত্র দ্রুত জমা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে সহিংসতা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থান বজায় রাখছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ ফল: ইসি
শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ ফল: ইসি
নির্বাচনে নিরাপত্তায় প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য
নির্বাচনে নিরাপত্তায় প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য
চালু হলো ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’ ডিজিটাল প্ল্যাটফর্ম
চালু হলো ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’ ডিজিটাল প্ল্যাটফর্ম