• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিজেকে ভোট দিতে পারবেন না ববি হাজ্জাজ ও তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পি.এম.
ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ এবং ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ছবি: কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা করা আসনে ভোট দিতে পারবেন না দুই আলোচিত প্রার্থী। কারণ, তারা যে আসনে লড়ছেন, সেখানকার ভোটার নন। তারা হলেন ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ এবং ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হক। কিন্তু ববি হাজ্জাজ এই আসনের ভোটার নন। তার নাম রয়েছে ঢাকা-১৭ আসনের ভোটার তালিকায়।

আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় তার নিজ এলাকায়। এ নিয়ে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে।

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে এই আসনের ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তিনি এই আসনের ভোটার নন।

ইসি’র ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। সেখানে তার ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। নির্বাচনী আইন অনুযায়ী তাকে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

নিজেদের আসনের ভোটার না হওয়ায় এই দুই প্রার্থী কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছেন। সংশ্লিষ্ট আসন দুটির ভোটারদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ ভোটারদের কেউ কেউ বলছেন, প্রার্থী যে আসনের জন্য লড়ছেন, সেই আসনের ভোটার হলে স্থানীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয়।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা নিয়ে গঠিত ঢাকা-১৩ আসন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডসহ মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানা নিয়ে গঠিত ঢাকা-৯।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন
সেন্ট্রাল উইমেনস কলেজে ভোট দিবেন ইশরাক
সেন্ট্রাল উইমেনস কলেজে ভোট দিবেন ইশরাক
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি