মধ্যরাত থেকে চার ধরনের যান চলাচল বন্ধ হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে সারাদেশে ৪ ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে দূরপাল্লার যাত্রী বহনকারী বাস চলাচলের নিষেধাজ্ঞা শিথিল আছে।
আগামী ২৪ ঘণ্টা এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
তবে, উপরিল্লিখিত নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহণকারী সব ধরনের যানবাহন নিষেধাজ্ঞার শিথিলযোগ্য হবে। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টের জন্য একটি ছোট আকৃতির যানবাহন; সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে; নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
ভিওডি বাংলা/আরকেএইচ







