• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা যেন সফল না হয়: আসিফ মাহমুদ

ভিওডি বাংলা ডেস্ক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু রাখার জন্য রাতের আঁধারে ভোটকেন্দ্রে অনিয়ম বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা রোধে সাধারণ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রশাসন থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এবং জনগণ—এই একদিনের জন্য অন্তত দেশের জন্য এগিয়ে আসুক। রাতের কোনো ভোট চুরি, কেন্দ্র দখল বা আতঙ্ক সৃষ্টি যাতে নির্বাচন বানচাল করার চেষ্টা সফল না হয়, তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যেই গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি এবং সর্বশেষ গণভুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার করতে চাচ্ছি, সেই গণতন্ত্র রক্ষার জন্য আবার মাঠে নেমে লড়াই করতে হবে। যার বাড়ির আশপাশে ভোটকেন্দ্র আছে, সেই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। রাতের এই সময়ে কেউ যেন ভোট দিতে আসা থেকে নিরুৎসাহিত না হয়, তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”

এনসিপির এই নেতা উল্লেখ করেন, “৫ আগস্ট ২০২৪-এর পরিস্থিতি আমাদের মনে আছে। তখন মিডিয়া, অনিয়ম বা হামলার খবর প্রচার হবে কি না, সেটি নিয়ে শঙ্কা ছিল। এখনও আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। যদি প্রধান মিডিয়া সহযোগিতা না করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোটের পরিস্থিতি জনগণের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের।”

তিনি জনগণকে অনুরোধ করেন, “নির্বাচনের দিন অবশ্যই ভোট দিতে হবে এবং কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে হবে।”

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টকশোতে নীতিকথা বলা ব্যক্তিরাই ভোটারদের টাকা দিচ্ছেন
নজরুল ইসলাম টকশোতে নীতিকথা বলা ব্যক্তিরাই ভোটারদের টাকা দিচ্ছেন
টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ
টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ
হাসপাতালে রিজভী, দেখতে গেলেন তারেক রহমান
হাসপাতালে রিজভী, দেখতে গেলেন তারেক রহমান