• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পি.এম.
নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আমিনুল হক ফলাফল স্থগিত এবং পুনরায় নির্বাচন চেয়ে আবেদন করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেন।

আবেদনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক উল্লেখ করেছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনি আচরণবিধির একাধিক ধারার লঙ্ঘন ঘটেছে। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে এবং পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে।

আমিনুল হক বলেন, ঢাকা-১৬ আসনের ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের সই ছাড়াই ফলাফল শিট তৈরি করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই সই নেয়া হয়েছে। এছাড়াও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হয়েছে এবং কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগে সিল করা ব্যালট বই সরবরাহের দাবি তিনি তুলেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আসনের ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত ভোটের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের সরবরাহ করা ফলাফলে এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে অনেক গরমিল লক্ষ্য করা গেছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী কমিশনের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, যা এই ক্ষেত্রে যথাযথভাবে পালন হয়নি বলেও অভিযোগে উল্লেখ করেছেন ধানের শীষের প্রার্থী।

সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দেয়ার পরও কোনো সমাধান না পেয়ে, তিনি আরপিও’র ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে ঢাকা-১৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামের অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন ২ হাজার ৬১৬ ভোটে এগিয়ে জয়ী হয়েছেন। ১৩৭টি কেন্দ্রের ভোট গণনায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল বাতেন ৮৬,৮২৩ ভোট পান, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৮৪,২০৭ ভোট।

ভিওডি বাংলা/এমএস     

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’: টিপু
নয়াপল্টনের স্মৃতিঘেরা বিদায়: ‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’: টিপু
নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বিএনপি: এনসিপি
জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বিএনপি: এনসিপি