পাংশায় অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভস্মীভূত

রাজবাড়ীর পাংশায় পৃথক দুইটি অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাত ও দুপুরে পাংশা উপজেলা পরিষদের সামনে ও পৌরসভার মাগুড়াডাঙ্গী এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাত আনুমানিক ২টার দিকে পাংশা উপজেলা পরিষদের সামনে দুইটি চায়ের দোকান ও একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডে আরিফ বিশ্বাস ও শহিদুল ইসলামের চায়ের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় এবং মজিদ মোল্লার ফার্নিচারের কাঠের গুদাম ক্ষতিগ্রস্থ হয়।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর পাংশা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আব্দুল মজিদ মোল্লার ফার্নিচারের দোকানে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়। শহিদুল ইসলামের দোকানে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা এবং আরিফ বিশ্বাসের দোকানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী আব্দুল মোড়ে খালেক শেখের বাড়িতে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর পুড়ে যায়।
সংবাদ পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নগদ ১ লাখ টাকাসহ মোট প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক খালেক শেখ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ







