তালাকপ্রাপ্ত জোহরার পাশে তারেক রহমান

ধানের শীষে ভোট দেয়ায় স্বামী তাঁতীলীগ নেতা কর্তৃক তালাকপ্রাপ্ত নারীর পাশে দাঁড়ালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের আহ্বানে গৃহবধূ জোহরাকে দেখতে গেলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামে বিবি জোহরার সাথে দেখা করে শান্তনা দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি জোহরাকে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তাকে একটি ঘর করে দেয়া ও তার সন্তানদের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জোহরার উদ্দেশ্যে মোকছেদুল মোমিন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। ফেনী-১ আসনের নবনির্বাচিত এমপি বলেন, ধানের শীষে ভোট দেয়ার কারণে তাকে তালাক দিয়েছে এ খবর জানার পর তারেক রহমান জোহরার জন্য একটি উপহার দিয়ে তার সাথে দেখা করার জন্য আমাদের পাঠিয়েছেন। ফেনীতে ধানের শীষে ভোট দেয়ায় তালাক দেয়ার ঘটনায় আমরা লজ্জিত। জোহরার পাশে বিএনপি পরিবার আছে, থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটিসহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খোন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন ও ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বিবি জোহরা। তালাকটি শরিয়তসম্মত কিনা তা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভিওডি বাংলা/জা







