নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন-এমনটাই দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই মধ্যে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের খবর পাওয়া গেছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্র বলছে, রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কেই নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অবস্থান করছেন। তিনি ভবনটি ছেড়ে দিলে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সেটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে।
নির্বাচনের আগে থেকেই নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য উপযুক্ত বাসভবন নির্ধারণে কাজ শুরু করেছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। কমিটি সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন করে সুপারিশ জমা দেয়। তবে সেই সুপারিশ চূড়ান্তভাবে অনুমোদন পায়নি।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসা গণভবন-কে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা নেওয়ার পর থেকেই বিকল্প বাসভবন খোঁজার বিষয়টি সামনে আসে। সেই প্রেক্ষাপটে নতুন করে বিভিন্ন স্থাপনা যাচাই-বাছাই শুরু হয়।
পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে আরেকটি কমিটি গঠন করা হয়। এই কমিটি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় দুটি স্থানকে সম্ভাব্য বাসভবন হিসেবে বিবেচনায় নেয়। এর একটি ছিল সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্ধারিত বাসভবন, অন্যটি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন এলাকা। পর্যালোচনায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে তুলনামূলক বেশি উপযোগী বলে মত দেওয়া হয় এবং সে অনুযায়ী প্রাথমিক প্রস্তুতির কথাও ভাবা হচ্ছিল।
বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তোলা হয়। তবে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়। ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগমুহূর্তে আবারও বিকল্পগুলো নিয়ে আলোচনা শুরু হয়।
সর্বশেষ অবস্থায়, প্রশাসনিক সুবিধা, নিরাপত্তা, অবস্থান এবং দ্রুত ব্যবহারযোগ্যতার দিক বিবেচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টির বেশি আসনে জয় পায় বিএনপি। দুই শতাধিক আসনে জয়লাভের মাধ্যমে দলটি দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সে অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রায় নিশ্চিত।
ভিওডি বাংলা/জা







