গণতন্ত্রের রূপকার খালেদা, ধারক তারেক: বরকত উল্লা বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী বরকত উল্লা বুলু বলেছেন, গণতন্ত্রের মূল রূপকার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, তার সন্তান তারেক রহমানই গণতন্ত্রের ধারক ও বাহক। দেশকে আধুনিক ও উন্নত দেশে রূপান্তর করার জন্য এবার সবাইকে ‘ধানের শীষ’ প্রতীকটি ভোট দিয়ে সমর্থন জানাতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বুলু বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি দেশের উন্নয়নের প্রতীক। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, দেশের জনগণ অভূতপূর্ব উন্নয়ন এবং শান্তি উপভোগ করেছে।
তিনি আরও বলেন, এবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশের সকল ক্ষেত্রে বিশেষ উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ আধুনিক সুবিধা ও শান্তিপূর্ণ জীবন উপভোগ করবে।
উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মো. মহসিন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। চৌমুহনী পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল বৈঠকের সভাপতিত্ব করেন।
ভিওডি বাংলা/জা







